
চলমান নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা চার ম্যাচ হেরে গেছে নিগাররা।
পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনাল খেলতে হলে শেষ দুই ম্যাচ তো জিততেই হবে তার পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে নিগার বাহিনীর। আর শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ হেরে গেলে সেমির স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে।
ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা । বাকি একটি সেমিফাইনাল স্থানের জন্য লড়ছে ৫টি দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান- তিন দলেরই পয়েন্ট সমান, তবে নেট রানরেটে বাংলাদেশ পিছিয়ে। তাই আজকের ম্যাচটি কার্যত বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলে বিদায় প্রায় নিশ্চিত আর জিতলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
চলমান বিশ্বকাপের আসরে বাংলাদেশের দুই টার্গেটের একটি পূরণ হয়েছে ইতোমধ্যে। টানা দ্বিতীয়বার নারী বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে দুইটি টার্গেটের কথা বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা ও কোচ সারোয়ার ইমরান। পাকিস্তানকে হারিয়ে প্রথম টার্গেট পূরণ করে। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে নিগার বাহিনী জয় পায় ৭ উইকেটে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়কেই দ্বিতীয় টার্গেট বলেছিলেন নিগার। মুম্বাইয়ের পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার মুখোমুখি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানার দলের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা নারী দল। তবুও সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি লঙ্কান মেয়েদের হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় লক্ষ্য পূরণে মরিয়া বাংলাদেশ। বিশ্বকাপে নিগার বাহিনীর এটা ৬ নম্বর ম্যাচ। শ্রীলঙ্কারও ৬ নম্বর ম্যাচ।
বাংলাদেশের একাদশ
ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার।
শ্রীলঙ্কার একাদশ
ভিষ্মী গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হারশিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, আনুশকা সঞ্জীবনী (উইকেটকিপার), সুগন্ধিকা কুমারি, মালিকি মাধারা, ইনোকা রানাবীরা ও উদেশিকা প্রবোধানি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে/এসআর