প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৪৮ পিএম

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র–জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যার অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র–জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।
এ ছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে ১৯টি হত্যা মামলার চার্জশিট ইতোমধ্যে দাখিল করেছে পুলিশ। এসব মামলা ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০’-এর ১০ ধারার বিধান অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে।
এই কমিটি জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের সব মামলার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে, যেখানে মামলার বর্তমান অগ্রগতি উল্লেখ থাকবে। একই সঙ্গে, যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত), সেসব মামলার প্রসিকিউশন প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানে সুপারিশ দেবে সরকারকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিটি তাদের কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে