প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:০৬ পিএম

দীর্ঘ প্রায় এক যুগের অভিনয় জীবনে নানা চরিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এবার জানালেন, আর কখনও কলেজছাত্রের চরিত্রে অভিনয় করবেন না তিনি।
সম্প্রতি নতুন নাটক ‘কলেজ ডেইজ’–এ কলেজছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন জোভান। এ চরিত্রটিকেই কলেজছাত্র হিসেবে তার শেষ অভিনয় বলে ঘোষণা দিয়েছেন তিনি।
জোভান বলেন, “আমার বয়স এখন ৩৩। বয়স বাড়ছে, এটা আমাকেই মনে করিয়ে দিচ্ছে এখন আর কলেজছাত্রের চরিত্রে অভিনয়ের সময় নয়। যেমন ক্রিকেটাররা একসময় অবসর নেয়, তেমনি আমরা অভিনেতারাও কোনো কোনো চরিত্র থেকে অবসর নিতে পারি। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, ‘কলেজ ডেইজ’ হবে কলেজছাত্র হিসেবে আমার শেষ নাটক।”
দীর্ঘদিন পর টিনএজ চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে দোটানায় ছিলেন বলেও জানান তিনি। প্রস্তুতির কথাও শেয়ার করেন জোভান “অনেক দিন পর এমন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে নিয়মিত জিম করেছি, খাদ্যাভ্যাস বদলেছি, ওজনও কমাতে হয়েছে। এমনও হয়েছে জিম থেকে সরাসরি শুটিংয়ে গেছি।”
নাটকটির পরিচালক প্রবীর রায় চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, সাদিয়া আয়মান, জোনায়েদ বোগদাদী, কিংকর আহসান ও আহমেদ দস্তগীর প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে