প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:১১ পিএম

সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ৭৪ রানের জয় নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই স্পিনার নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।
আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২০৭ রানের লক্ষ্য দিয়েও স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় পায়। মিরপুরের টার্নিং উইকেটে স্পিনারদের আধিপত্যে জয় এলেও পিচ নিয়ে সমালোচনা উঠেছিল ক্রিকেট মহলে।
তবু দ্বিতীয় ওয়ানডের আগে নাসুম আহমেদের প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে, মিরপুরের উইকেটে এবারও স্পিনাররাই মূল ভরসা হতে পারেন। আগামী ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় এবং ২৩ অক্টোবর শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।