প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে’এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।
আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষক প্রতিনিধিরা।
বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজি জানান, বিএনপি মহাসচিব মনোযোগ সহকারে তাদের দাবিগুলো শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে আলোচনা করেন, যেখানে শিক্ষকদের প্রস্তাব ও সম্ভাব্য আর্থিক কাঠামো নিয়ে বিস্তারিত কথা হয়।
শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করে, আপাতত যদি বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে অন্য দাবিগুলো পরবর্তীতে ধাপে ধাপে বিবেচনা করা যেতে পারে। এই বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানাতেও তারা কাজ করছেন বলে জানান আজীজি।
জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের এই নেতা বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি কেবল আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিয়েছেন। এতে আমাদের আন্দোলনে নতুন প্রেরণা এসেছে।