এখনো নিয়ন্ত্রণে আসেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এটি নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনা দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমানবাহিনীর অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।
আগুনের ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।