প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:২৯ পিএম

রাজধানীর মালিবাগে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। এর আগে যাত্রাবাড়ীতেও একই ধরনের চুরির ঘটনা ঘটায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক দাবি করেছেন, চোরেরা প্রায় ৪০০ ভরির সোনার গহনা, ১০০ ভরির বন্ধকি সোনা এবং নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
দোকান মালিক জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে মার্কেটের দারোয়ানের কাছ থেকে চুরির খবর পেয়ে এসে দেখেন, তার দোকান পুরোপুরি খালি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরচক্রের অন্তত দুই সদস্য বোরকা পরে দোকানের সামনে আসে। পরে তারা শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে এবং পুরো মালামাল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এদিকে, এর কয়েকদিন আগেই গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি সোনার অলংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মালিবাগের চুরির ঘটনাটিও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি পেশাদার চোরচক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে