প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:১৫ AM

১৯৩৪ ও ১৯৯০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল মিশর—আর সেই কৃতিত্বের বড় অংশটাই মোহামেদ সালাহর। ২০১১ সালে দেশের হয়ে অভিষেকের পর থেকেই জাতীয় দলে নিয়মিত হলেও, ২০১৭ সালেই তিনি পান নিজের ছন্দ। সেই বছরই ২৮ বছরের অপেক্ষা ভেঙে মিশর তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পায়। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ ৫টি গোল করেছিলেন লিভারপুলের এই তারকা।
তবে ২০২২ সালের বাছাইয়ে সেনেগালের কাছে পরাজিত হয়ে থেমে গিয়েছিল তাদের স্বপ্নযাত্রা। এবার আর সেই ভুল হয়নি। বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা সালাহ করেছেন ৯ গোল—যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১২ গোল করেছেন কাতারের আলমুয়েজ আলি।
বাছাইয়ের নবম ম্যাচে জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে মিশরের টিকিট। ম্যাচে দুই গোল করেন সালাহ, আরেকটি ইব্রাহিম আদেলের। এই জয়ে ‘এ’ গ্রুপে ২৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে মিশর। দ্বিতীয় স্থানে থাকা বুরকিনা ফাসোর পয়েন্ট ১৮, তাই আর কোনো দলই মিশরকে ধরতে পারবে না।
মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হয় জিবুতি-মিশর ম্যাচটি। ঘরের মাঠে শেষ ম্যাচে (১২ অক্টোবর) গিনি বিসাউয়ের বিপক্ষে খেলবে মিশর, যা হবে বিশ্বকাপ নিশ্চিতের পর সমর্থকদের সঙ্গে উদ্যাপনের সুযোগ।
আফ্রিকা অঞ্চল থেকে মিশরের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো ও তিউনিসিয়া। মরক্কো ‘ই’ গ্রুপের, তিউনিসিয়া ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাকি ছয়টি গ্রুপ থেকে টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সেনেগাল, বেনিন, কেপ ভার্দ, আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ