প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৪২ AM

দীর্ঘ দুই দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।
বিবিসি বাংলা জানায়, দুই পর্বে প্রচারিতব্য এই বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় রাজনীতি, দলীয় অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। সাক্ষাৎকার দুটি প্রচারিত হবে সোমবার (৬ অক্টোবর) এবং মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায়, বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তারেক রহমান লন্ডনে পাড়ি জমান। প্রায় ১৭ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। এই সময়টিতে তিনি দলীয় কার্যক্রমে ভার্চ্যুয়ালি অংশ নিলেও, সরাসরি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।
তাই এবারের সাক্ষাৎকারটি শুধু বিএনপি সমর্থক নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় হাইকোর্টের নির্দেশনায় তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর গণমাধ্যমে নিষেধাজ্ঞা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য, যা সরাসরি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে সম্প্রচারিত হতে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে