প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ পিএম

বাজারমূল্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন রবিবার নতুন উচ্চতা স্পর্শ করেছে। মার্কিন বাজারে বিটকয়েনের দাম ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২.৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এটি বিটকয়েনের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৪৮০ ডলার এ পৌঁছেছিল। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুকূল নীতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে দাম ঊর্ধ্বমুখী ছিল।
গত শুক্রবার থেকে বিটকয়েনের দাম টানা অষ্টম দিনের মতো বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের উত্থান এবং বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এ বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। অন্যদিকে, মার্কিন ডলারের দুর্বল অবস্থার কারণে বড় মুদ্রার তুলনায় ডলারের দর দীর্ঘদিনের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়নের সম্ভাব্য স্থগিত ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতেও বিনিয়োগকারীরা সতর্ক থাকলেও বিটকয়েনের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মার্কিন শেয়ারবাজারের উত্থান বিটকয়েনের মূল্যবৃদ্ধিকে আরও সমর্থন দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন। এ সময় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিয়ে আলোচনা চালাচ্ছেন, যা বাজারে আরও উত্তেজনা সৃষ্টি করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবারও ক্রিপ্টোকারেন্সির বড় সমর্থক হিসেবে পরিচিত। তারা বিভিন্ন ক্রিপ্টো উদ্যোগে জড়িত, যা ট্রাম্পের ব্যক্তিগত সম্পদকেও বৃদ্ধি করেছে। ট্রাম্প প্রশাসনের সময় ডিজিটাল সম্পদ গ্রহণের পদক্ষেপ মার্কিন সরকারের অবস্থানকে আগের তুলনায় অনুকূল করেছে।
তাঁর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ক্রিপ্টো শিল্পের প্রতি বেশি সতর্ক ছিল। তবে ট্রাম্প প্রশাসনে, গত জুলাইয়ে, প্রতিনিধি পরিষদ তিনটি গুরুত্বপূর্ণ ক্রিপ্টো-বিল পাস করেছে। এই আইনি পরিবর্তনের ফলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে এবং বিটকয়েনের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।
ক্রিপ্টো প্রাইম ব্রোকারেজ প্রতিষ্ঠান ফ্যালকনএক্সের মার্কেট বিভাগের সহপ্রধান জোশুয়া লিমকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, “যখন শেয়ারবাজার, সোনা এমনকি পোকেমন কার্ডের মতো সংগ্রহযোগ্য জিনিস সর্বোচ্চ মূল্যে পৌঁছাচ্ছে, তখন বিটকয়েনের বৃদ্ধি আশ্চর্যজনক নয়। ডলারের অবমূল্যায়নের আশঙ্কাও এই প্রবণতাকে ত্বরান্বিত করছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ