প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না সম্প্রতি প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন, যা নিয়ে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনও চলেছিল।
এই স্মৃতি তিনি তুলে ধরেন তার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নতুন পর্বে। অনুষ্ঠানে অতিথি ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।
টুইঙ্কেল বলেন, ‘আমি প্রায় একজন কাপুর হয়ে যাচ্ছিলাম, সেটা আলিয়ার শ্বশুর ঋষি কাপুরের কারণে। আমার জন্মদিনে উনি খুব আন্তরিকভাবে একটি টুইট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন- ‘তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তখন আমি তাকে গাইতে গাইতে প্রেম নিবেদন করছিলাম।’
এই টুইটের পর সবাই ধরে নেয় আমি তার অবৈধ মেয়ে! পরে উনিও ট্রলের শিকার হন এবং ক্ষমা চেয়ে বলেন, ‘না না, আমি দুঃখিত।’
গল্প বলার সময় শোতে উপস্থাপক কাজল মজা করে আলিয়ার অস্বস্তিকর অনুভূতির দিকটি তুলে ধরেন। তখন টুইঙ্কেল হেসে বলেন, ‘আমি তোমার ননদ নই, এটা একটা ভুল ছিল।’ পাশে বসা বরুণ ধাওয়ান মজা করে বলেন, ‘ও (আলিয়া) বুঝতেই পারছে না কীভাবে প্রতিক্রিয়া দেবে!’
প্রসঙ্গত, ঋষি কাপুর টুইটারে (বর্তমানে এক্স) লিখেছিলেন- ‘শুভ জন্মদিন প্রিয়! ১৯৭৩ সালে আমি ‘ববি’ সিনেমায় তোমার মাকে প্রেম নিবেদন করছিলাম, তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, হা হা।’
ঋষি কাপুরের এমন রসিকতা অনেককে বিভ্রান্ত করেছিল। পরে তিনি নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন, এটি নিছকই একটি হিউমারাস পোস্ট ছিল।
উল্লেখ্য, টুইঙ্কেল খান্না বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া দম্পতির মেয়ে। তিনি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। এই দম্পতির দুই সন্তান- পুত্র আরাভ (জন্ম ২০০২) এবং কন্যা নিতারা (জন্ম ২০১২)। তবে তাদের সন্তানদের খুব একটা মিডিয়ার সামনে দেখা যায় না।
স্বদেশ প্রতিদিন/এমএম