প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম

ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়ানো হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়িয়েছি। তবে লড়াইয়ের মাধ্যমে অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি।”
আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না উল্লেখ করে তিনি আরও বলেন, “সকল নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি।”
অভিযোগ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, “একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।”
নির্বাচনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সবাই এখন নির্বাচন চায়।”
এছাড়াও সাধারণ মানুষের অধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।”