প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১০:০৪ PM

তামিলনাড়ুর কারু জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নারী–শিশুসহ ৪১ জনের মৃত্যু এবং শতাধিক আহতের ঘটনায় মুষড়ে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই তারকা। দলীয় সূত্র জানিয়েছে, শনিবার রাতের দুর্ঘটনার পর থেকে বিজয় শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন।
টিভিকে (তামিলাগা ভেত্রি কাজাগাম)–এর নেতারা জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় বিজয় গভীরভাবে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর থেকে তিনি কোনো ধরনের খাবার গ্রহণ করেননি। তার কাছের সহযোগীরা জানিয়েছেন, বিজয় হতাহতদের স্মৃতিতে নিঃশব্দে শোক পালন করছেন।
দুর্ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায়। অতিরিক্ত গরম এবং ভিড় সামলাতে না পারায় সমাবেশস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় পদদলিত হয়ে অন্তত ৪১ জন প্রাণ হারান এবং প্রায় ১০০ জন আহত হন। ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর কারু জেলার পুলিশ মামলা দায়ের করেছে। এতে টিভিকে’র সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার ও পশ্চিম কারু জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য এবং তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
এদিকে বিজয় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। দলের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঘটনার পর থেকে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, হতাহতদের পরিবার বা ক্ষুব্ধ জনগণ তার বাসায় সমবেত হতে পারেন। তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ