প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, শিগগিরই ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, “ডট বাংলা ও ডট বিডি (ডট জিওভি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য) ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে। রেজিস্ট্রি রাইট বিটিআরসি ও বিটিসিএলে রেখে রিসেলার ওপেন করে দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।”
ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও মাত্র প্রায় ৪৫ হাজার সাইট হোস্টেড রয়েছে। এর মধ্যে ৩৭ হাজার সাইট সরকারি প্রতিষ্ঠানগুলোর। ফলে ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি বলে তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আগের আওয়ামী লীগ সরকারের ম্যানেজমেন্টের কারণে ডোমেইন ব্যবস্থাপনা স্থবির হয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, ডোমেইন নেইম হোস্টিং বিদেশে বৈদেশিক মুদ্রার অপচয় ঘটাচ্ছে, যা আংশিকভাবে হলেও বন্ধ করা দরকার। এ লক্ষ্যে ‘ডট জিওভি’ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে। একইভাবে ‘ডট এডু’ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং ‘ডট কম’ রিসেলারদের জন্য উন্মুক্ত করা হবে।
ডট ওআরজি, ডট বিডি এবং অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইনের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ