প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুনবন্দর স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি গত ৯ মাস ধরে বন্ধ রয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পথে চাঁদা আদায় এবং পাথরের দাম বেড়ে যাওয়াসহ নানা সমস্যার কারণে আমদানি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৫ হাজার শ্রমিক। একই সঙ্গে লোকসানের মুখে পড়েছেন দুই শতাধিক পাথর ব্যবসায়ী। দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, বন্ধ রয়েছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান।
শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মার্চ থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে পাথর ভাঙার কাজে নিয়োজিত নারী-পুরুষ শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিক আনোয়ারা বেগম বলেন, 'সারাদিন কাজ করে সাড়ে চারশ টাকা মজুরি পেতাম। সেই টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ দিতাম। পাথর না আসায় কাজও বন্ধ হয়ে গেছে। আমরা বর্তমানে খুব কষ্টে আছি।' আরেক শ্রমিক তারা মিয়া বলেন, 'স্থলবন্দরে দিনমজুর হিসেবে কাজ করে যে মজুরি পেতাম, তা দিয়ে সংসার চলত। পাথর আমদানি বন্ধ থাকায় সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি।' ব্যবসায়ী রহিম বাদশা জানান, ভারতে পাথরের দাম বেশি হওয়ায় আমদানি করা সম্ভব হচ্ছে না। তবে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি মো. অফিল মিয়া এবং আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাকও দ্রুত আমদানি শুরুর প্রত্যাশা জানিয়েছেন।
রৌমারী শুল্কগুদামের কাস্টমস ও ভ্যাট সার্কেলের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, 'আমাদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ভারতে, তাই আমদানি বন্ধ রয়েছে।' দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি