প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২২ AM আপডেট: ২৬.০৯.২০২৫ ১১:২৬ এএম

সংগৃহীত ছবি
ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই।
তিনি বলেন, আলবেনিয়ায় কর্মীর চাহিদা রয়েছে এবং ইতোমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আবেদন করেছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে, বিশেষ করে পর্যটন খাতে। এসময় তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ ও গতিশীল শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। তবে ভিসা প্রক্রিয়া সহজ করা জরুরি, কারণ বর্তমানে আবেদন করতে হলে বাংলাদেশিদের নয়া দিল্লি যেতে হয়।
জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে আলবেনিয়া। একইসঙ্গে তিনি উচ্চপর্যায়ের সফর এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক ও নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বহুমুখী দক্ষতা সম্পন্ন কর্মী সরবরাহ করতে সক্ষম। এজন্য দ্রুত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর প্রয়োজন।
এছাড়াও, প্রেসিডেন্ট বেগাই জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।