প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ AM

পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক বিরোধের জেরে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর প্রতিপক্ষের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল থানায় একটি মামলার আবেদন করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে পৌর বাজারের আল-ফাহাদ রেস্তোরাঁর সামনে হামলার ঘটনা ঘটেছে।
আপেল মাহমুদ ফিরোজের অভিযোগ, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা সাদিক হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ১৫-২০ জন তাঁর ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের জন্য চাল কিনতে তিনি বাজারে গিয়েছিলেন বলে জানান তিনি।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পুলিশের উপস্থিতি পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে সাদিক হোসেন বলেন, রাজনৈতিক বিরোধের জেরে আপেল মাহমুদ ফিরোজ তার বাবা বিএনপির সিনিয়র নেতা আলতাফ হোসেনের সঙ্গে অসদাচরণ করেছেন। বাজারের ভেতরে আপেল মাহমুদের সঙ্গে দেখা হলে তিনি তার বাবার সঙ্গে অসদাচরণের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আপেল মাহমুদ ফিরোজ তাকে গালমন্দ করেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা চলাকালে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন ব্যানারের সামনে চলে আসেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ তাকে ব্যানারের পেছনে যেতে বললে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শোভাযাত্রার ঘটনাকে কেন্দ্র করেই রাতে হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে এবং তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি একটি মামলার আবেদন করেছেন। মামলাটি এফআইআর করার প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে থানা চত্বরে ও পৌর শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা ভিড় জমায়। ঘটনার পর থেকেই পৌর শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি