প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ AM

সংগৃহীত ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শতাধিক প্রতিনিধি পাঠিয়ে আবারও বিব্রতকর রেকর্ড গড়ায় গভীর হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আন্তর্জাতিক ফোরামে অস্বাভাবিকভাবে বড় প্রতিনিধি দল পাঠানো অতীতে একটি লজ্জাজনক অভ্যাসে পরিণত হয়েছিল, যা অনেক সময় ২০০ জনকেও ছাড়িয়েছে। গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আশা ছিল এই অপচয় বন্ধ হবে। কিন্তু এবারও শতাধিক প্রতিনিধি পাঠানোয় হতাশা সৃষ্টি হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত বছর মাত্র ৫৭ জন প্রতিনিধি পাঠানোয় কিছুটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এ বছর তা আবার উল্টে গেছে। প্রশ্ন থেকে যায়, এত বড় প্রতিনিধি দলের প্রয়োজন কী, কার কী দায়িত্ব থাকবে, এবং আলোচ্য বিষয়গুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু? জনগণের টাকায় বিদেশ সফরের ক্ষেত্রে সুনির্দিষ্ট ফলাফল ও জবাবদিহি থাকা জরুরি।
টিআইবি আরও জানায়, সাধারণত যুক্তরাষ্ট্র, চীন কিংবা রাশিয়ার মতো পরাশক্তিগুলো বড় প্রতিনিধি দল পাঠিয়ে কূটনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে সেখানেও শতাধিক সদস্যের নজির বিরল। আবার নাইজেরিয়ার মতো সুশাসনহীন দেশগুলোতে ভ্রমণবিলাসের জন্য বড় দল পাঠানোর উদাহরণ দেখা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার ক্ষমতা গ্রহণের পর বিদেশ সফরের ব্যয় কমাতে একটি পরিপত্র জারি করেছিল। কিন্তু শতাধিক সদস্যের এই প্রতিনিধিদল সেই নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক এবং সরকারের অবস্থান নিয়েই জনমনে প্রশ্ন তৈরি করছে।