প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো ঘোষণা দেয়নি বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি জানান, একটি ভুয়া ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে, যা আমিরাত সরকারের সঙ্গে সম্পৃক্ত নয়।
সম্প্রতি বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষেধাজ্ঞার খবর “ইউএই ভিসা অনলাইন” নামের একটি বেসরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়। শনিবার এ খবর কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রচারের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সাপ্তাহিক ছুটি শেষে আনুষ্ঠানিকভাবে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে। তিনি আরও বলেন, ভিসা-সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর ভরসা করতে হবে।
বাংলাদেশ দূতাবাস গুজব ও ভুয়া তথ্য বিশ্বাস না করার জন্য প্রবাসী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ