প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ AM

সংগৃহীত ছবি
অফিসে কাজ করতে করতে হঠাৎ ঘুম চলে আসা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে ছোট কিছু অভ্যাস বদলালে এই সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে যাদের ডেস্কজব, তাদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।
পানি খান
ডিহাইড্রেশন হলে শরীরে ক্লান্তি আসে, মাথা ঝিমঝিম করে। এক গ্লাস ঠান্ডা পানি সঙ্গে সঙ্গে সজাগ করে তোলে।
হালকা নড়াচড়া করুন
এক জায়গায় বসে থাকলে শরীর জড়সড় হয়ে যায়। কয়েক মিনিট হাঁটা বা স্ট্রেচিং করলে রক্ত সঞ্চালন বাড়ে, ঝিমুনি দূর হয়।
চোখকে বিশ্রাম দিন
দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকার পর চোখ ক্লান্ত হয়ে যায়, ফলে ঘুম ঘুম লাগে। এজন্য মেনে চলতে পারেন “২০-২০-২০” নিয়ম: প্রতি ২০ মিনিটে, ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকান।
হালকা খাবার খান
বাদাম, ফল বা দইয়ের মতো স্ন্যাকস দ্রুত শক্তি জোগায়। তবে ভাত বা ফাস্টফুড খেলে ঘুম আরও বেড়ে যায়, তাই সেগুলো এড়িয়ে চলাই ভালো।
কফি বা গ্রিন টি
অল্প ক্যাফেইন ঘুম কাটাতে কার্যকর। তবে দিনে এক–দুই কাপের বেশি না খাওয়াই ভালো, নইলে উল্টো রাতে ঘুমের সমস্যা হতে পারে।
গভীর শ্বাস নিন
কয়েকবার গভীরভাবে শ্বাস নিলে শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে, মাথা পরিষ্কার হয়।
কাজের ধরন বদলান
একঘেয়ে কাজ ঘুম বাড়িয়ে দেয়। মাঝেমধ্যে কাজের ধরন পাল্টান বা সহকর্মীর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন।
রাতের ঘুম ঠিক রাখুন
দিনে ঝিমুনি আসার বড় কারণ হলো রাতের ঘুমের ঘাটতি। প্রতিদিন ৬–৮ ঘণ্টা মানসম্মত ঘুম নিশ্চিত করুন।
সবশেষে, যদি নিয়মিতভাবেই অফিসে অতিরিক্ত ঘুম আসে, তবে সেটা শুধু রাতের ঘুমের ঘাটতির কারণে নয়, হজমের সমস্যা, স্ট্রেস বা অন্য কোনো স্বাস্থ্যগত ইঙ্গিতও হতে পারে। নিয়মিত জীবনযাত্রা বজায় রাখার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।