প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ AM আপডেট: ১৮.০৯.২০২৫ ১১:৩২ এএম

হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা
চাঁদপুরে জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার ঘটনায় অভিযুক্ত বেসরকারি দ্য ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান শেষে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান এবং চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করেই হাসপাতালটি খালি করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ওই হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক গাজী এক নবজাতককে মৃত ঘোষণা দিয়ে কবরস্থানে পাঠান। দাফনের প্রস্তুতির সময় স্থানীয়রা শিশুটিকে জীবিত দেখতে পান। পরে অন্য একটি ক্লিনিকে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় শিশুটি রাত সাড়ে ৯টায় মারা যায়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে ফারুক গাজীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তবে এখনো অন্য কাউকে গ্রেফতার করা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটি ২০১৭ সাল থেকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও নবজাতক বেচাকেনার সঙ্গে জড়িত। এ নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা সেতুকে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।