প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম

বিশ্ব অ্যাথলেটিকসে উঠল এক নতুন তারকার নাম—মেলিসা জেফারসন উডেন। টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত দৌড়ে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। সময় নিয়েছেন মাত্র ১০.৬১ সেকেন্ড।
এত দ্রুত সময়ের মধ্যে এর আগে কোনো নারী অ্যাথলেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ইভেন্টে সোনা জিততে পারেননি। পাশাপাশি এটি এই ইভেন্টের ইতিহাসে চতুর্থ দ্রুততম টাইমিং।
দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার তরুণ প্রতিভা টিয়া ক্লেটন। তার সময় ছিল ১০.৭৬ সেকেন্ড। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন সেন্ট লুসিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন জুলিয়েন আলফ্রেড, যিনি দৌড় শেষ করেছেন ১০.৮৪ সেকেন্ডে।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সবার নজরে ছিলেন জেফারসন–উডেন ও আলফ্রেড। মৌসুমের শুরুতে দ্রুততম টাইমিং ছিল যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারেরই। যদিও হিট পর্বে এগিয়ে ছিলেন আলফ্রেড (১০.৯৩ সেকেন্ড), সেখানে জেফারসন–উডেন সময় নেন ১০.৯৯ সেকেন্ড। তবে ফাইনালে সব পাল্টে দিয়ে ইতিহাস গড়লেন জেফারসন–উডেন।
এ দৌড়ে বিশেষ আবেগ জড়িয়ে ছিল আরেক কিংবদন্তির সঙ্গে। নিজের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ রেসে অংশ নেন জ্যামাইকার আইকন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। বিদায়ী রেসে সময় নিয়েছেন ১১.০৩ সেকেন্ড।
স্বদেশ প্রতিদিন/ আরএফ