প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০০ পিএম

ফাইল ছবি
সরকারি কর্মচারীরা শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন।
অক্টোবরের (১-৪) তারিখ পর্যন্ত এ ছুটি পাবেন তারা।
সূত্র মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
জানা যায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১
অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি। পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও
শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের
ছুটি মিলবে সরকারি কর্মচারীদের।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনকরা ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি ও শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
উল্লেখ্য, সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন করে ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে সারাদেশে। এছাড়া এই বন্ধে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্য এখনই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে।