প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ AM আপডেট: ০২.০৯.২০২৫ ৪:২৯ এএম

সংগৃহীত ছবি
রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলায় পুলিশ সদস্য আল-আমিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান এবং যাচাই-বাছাই চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ অভিযান চালালে আদাবরের কিশোর গ্যাং চক্রের প্রধান সদস্য জনি ও রনি পুলিশের ওপর হামলা চালান। তারা আল-আমিনকে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও জড়িত ছিলেন নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু।
স্থানীয়রা জানান, মোহাম্মদপুর-আদাবরের ‘কবজি কাটা’ কিশোর গ্যাং জনি ও রনির নেতৃত্বে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। গ্যাংয়ের প্রধান কব্জি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার সুযোগে এই দুই কিশোর এলাকায় ত্রাস সৃষ্টি করছে। পূর্বেও তারা বহুবার মানুষকে কুপিয়ে আহত করেছে, কিন্তু প্রশাসনের গ্রেফতার ও জামিনের পর পুনরায় একই কার্যক্রম চালু করেছে।