প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:৫০ AM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরও পদক্ষেপ নিই, তাহলে তো মনে হয় দেশেই থাকা হবে না।’
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ডিসি মাসুদ আলমের এই বক্তব্য সংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঘটে।
শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। একপর্যায়ে সংঘর্ষের সময় পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা ঘটনার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ