প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৪৪ AM

বিভিন্ন দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তিনি দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত। পাশাপাশি আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ডিএমপি কমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের সবাইকে অনেক স্নেহ ও ভালোবাসা। তোমরা ভালো থাকো, আমি এই কামনা করি।” এদিন সন্ধ্যায় শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টা ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে পুনরায় আলোচনা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বৈঠক শেষে বলেন, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, এবং এই ঘটনায় পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবেন।
উল্লেখ্য, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টার দিকে যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ বাধা দেয়। এই সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানেগ্যাস ও জলকামান ব্যবহার করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ