প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম

ফাইল ছবি
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে অতিরিক্ত কমিশনার পদে এ দায়িত্ব দেওয়া হয়।
শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৯৯ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি।
পেশাগত জীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন। ২০০২ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বদলি হয়ে প্রায় পাঁচ বছর কাজ করেন। এরপর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৭ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়ায় যোগ দেন।
২০১০ সালে দেশে ফিরে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার হন। দ্বিতীয় দফায় আবারও লাইবেরিয়ায় শান্তিরক্ষা মিশনে যোগ দেন তিনি। ২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হন। পরের বছর আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন। দেশে ফিরে তিনি হাইওয়ে পুলিশের এসপি হন।
২০১৯ সালে তাঁকে নৌ পুলিশের এসপির দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালে অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) পদে নৌ পুলিশে দায়িত্ব পালনের পর ডিআইজি পদে পদোন্নতি পেয়ে আবার হাইওয়ে পুলিশে যোগ দেন।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল তৎকালীন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। এর পর থেকে প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। এই সময়ে যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর