প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি বিশেষ সাক্ষাৎকারের ভিডিও, যেখানে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ‘গর্জিয়াস’ বলে সম্বোধন করেন উপস্থাপিকা। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে নুসরাত ফারিয়ার নাম ওঠে। তখন উপস্থাপিকা তাকে ‘গর্জিয়াস অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করলে ওমর সানী আপত্তি জানান। তিনি বলেন, “নুসরাত ফারিয়া অভিনেত্রী, দেখতে সুশ্রী, সুন্দরী, পড়াশোনা জানা মেয়ে—সবই ঠিক আছে। কিন্তু ওর সাথে ‘গর্জিয়াস’ শব্দটা যায় না। আমি মনে করি, গর্জিয়াস বললে তাকে আরও ছোট করে ফেলা হবে।”
তিনি আরও বলেন, “আমি চাই ফারিয়া ‘গর্জিয়াস’ পথে এগিয়ে যাক। কিন্তু যদি আমি আগেভাগেই তাকে গর্জিয়াস বলে দিই, তাহলে ও আর কী শিখবে? এজন্য অনেকে আমাকে পছন্দ করে, আবার অনেকেই অপছন্দও করে।”
ওমর সানী সাক্ষাৎকারে নুসরাত ফারিয়ার শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিত্বের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নুসরাত ফারিয়ার মতো শিক্ষিত মেয়েদের খুব প্রয়োজন।”
নায়িকা না হলে নুসরাত ফারিয়া কোন পেশায় ভালো করতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার ব্যক্তিত্ব দেখে আমার মনে হয়, তিনি যদি ‘বিজনেস ওমেন’ হতেন, তবে খুব ভালো করতে পারতেন।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ