প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৫৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম দুই দিন ধরে চলেছে। দুই দিনে মোট ৩২৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন, আর ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনের জন্য ২৪১টি ফরম সংগ্রহ করা হয়েছে।
শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়ন ফরম জমাদানের সময় এক দিন বাড়িয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম বৃহস্পতিবার, ২১ আগস্ট পর্যন্ত দুপুর ২টা পর্যন্ত সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জাকসু নির্বাচন কমিশনের সচিব প্রফেসর এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “দুই দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৮৭টি এবং ২১টি আবাসিক হলে হল সংসদের জন্য ২৪১টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।”
প্রফেসর রাশিদুল আরও জানান, একদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নেওয়া হয়েছে যাতে তারা টিউশন ফি ক্লিয়ারেন্স, লাইব্রেরি ক্লিয়ারেন্স এবং আইডি কার্ড সংগ্রহসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম শেষ করতে পারে।
জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট ১১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে।