প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:৩৮ পিএম

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান এ আদেশ দেন।
সদর থানা সূত্রে জানা যায়, রোববার রাতে ঢাকার ধানমন্ডির বাসা থেকে অপুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে সদর থানা পুলিশ তাকে ঝিনাইদহে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত তাকে দুই দিনের রিমান্ডে থানার হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ