প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:৪৮ পিএম

ইসরাইলে জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসানের দাবিতে পাঁচ লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমেছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও আশপাশের রাস্তাজুড়ে বিশাল সমাবেশে তারা যুদ্ধবিরতি ও এক সমন্বিত চুক্তির দাবি জানায়।
দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, দেশব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধের একদিন পর এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এ কর্মসূচির আয়োজন করে, যেখানে দেশজুড়ে বহু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।
সমাবেশে জিম্মিদের পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য রাখেন। জিম্মি রম ব্রাসলভস্কির বাবা ওফির ব্রাসলভস্কি বলেন, “দুই সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। কিন্তু সে ক্ষুধার্ত, নির্যাতনের শিকার এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে।”
অন্যদিকে জিম্মি মাতান জাংগাউকের মা আইনাভ জাংগাউকমা বলেন, “আমরা তাৎক্ষণিক সমন্বিত চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান চাই। আমাদের সন্তানরা ফিরে না আসা পর্যন্ত এই দাবি অব্যাহত থাকবে।”
জিম্মি পরিবারগুলো বিক্ষোভে অংশ নেয়া জনগণকে ধন্যবাদ জানিয়ে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।
এদিকে গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণে সরিয়ে দেয়ার ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন করে গণহত্যা ঘটবে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
স্বদেশ প্রতিদিন/ আরএফ