প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১:৩৮ পিএম

মাত্র ১৮তম জন্মদিন উদযাপন করেছেন বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনায় থাকা এই তরুণ এখন উঠে এসেছেন ভালোবাসার গসিপের কেন্দ্রবিন্দুতে।
স্প্যানিশ গসিপ সাংবাদিক হাভি দে হোইওস দাবি করেছেন, ইয়ামালের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় পপ গায়িকা নিকি নিকোল। শুরুর দিকে শুধু কিছুটা ফ্লার্ট চললেও কয়েকদিন পরই এই ‘জুটি’কে দেখা যায় একসঙ্গে একটি বিচ ক্লাবে। সেখানেই নাকি চুম্বন ও গভীর রাত পর্যন্ত একসাথে সময় কাটানোর দৃশ্য দেখা গেছে।
নিকি নিকোল, যার আসল নাম নিকোল ডেনিস কুকো, এর আগেও ছিলেন আলোচনায়- তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েই। চলতি বছরের শুরুতে তার সঙ্গে চেলসি ও আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সম্পর্কের গুঞ্জন ওঠে। এনজোর দীর্ঘদিনের সঙ্গী ভ্যালেন্তিনা সেরভান্তেসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তারা রাতের ক্লাবে একসঙ্গে সময় কাটানো ও সোশ্যাল মিডিয়ায় ফ্লার্টি মন্তব্যের মাধ্যমে আলোচনায় আসেন। যদিও সে সম্পর্ক বেশিদূর এগোয়নি বলে ধারণা করা হয়।
আর্জেন্টিনার রোসারিও শহর থেকে উঠে আসা নিকি কিশোর বয়সেই র্যাপ ব্যাটলে নাম লেখান এবং সাহসী গান ও স্পষ্ট বক্তব্য দিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। মাত্র ১৮ বছর বয়সে গলায় ট্যাটু করান, যা ছিল সমাজের নারীদের ওপর চাপিয়ে দেওয়া স্টেরিওটাইপের বিরুদ্ধে তার প্রতিবাদ। তার গাওয়া হিট গান যেমন Wapo Traketero এবং Ella No Es Tuya তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এমনকি, ২০২১ সালে বারাক ওবামার গ্রীষ্মকালীন প্লেলিস্টেও জায়গা করে নেয় তার গান। এছাড়াও তিনি দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন-এ পারফর্ম করেছেন এবং কোচেল্লার মঞ্চেও আলো ছড়িয়েছেন।
নিকির প্রেমের গুঞ্জন শুধু ইয়ামাল বা এনজোতেই সীমাবদ্ধ নয়। এর আগে মেক্সিকান র্যাপার পেসো প্লুমার সঙ্গেও তার সংক্ষিপ্ত সম্পর্ক ছিল বলে জানা যায়। এমনকি ফর্মুলা-১ রেসার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় ফ্লার্টি কমেন্টে গুঞ্জন ওঠে।
এদিকে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা লামিন ইয়ামালও ব্যক্তিগত জীবনের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার অফ-ফিল্ড রোমাঞ্চও যেন এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে। তবে এখনো সবটাই গুঞ্জন। নিশ্চিত কিছুই নয়। তবে যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে এক চমকপ্রদ তারকা জুটি।
স্বদেশ প্রতিদিন/এমএম