প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২:১০ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজনই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এবিসি নিউজের।
নাভাজো পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বিমানটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগী নিতে যাচ্ছিল। কিন্তু অবতরণের সময়ই এটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল 'বিচক্রাফ্ট ৩০০' মডেলের একটি ডুয়াল-প্রোপেলার বিমান। এটি পরিচালনা করছিল নিউ মেক্সিকোভিত্তিক সংস্থা সিএসআই এভিয়েশেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে।
নাভাজো ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শেরেন সান্দোভাল জানান, বিমানটির ক্রুরা চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। রোগীকে তুলে নিয়ে বিমানটি ফের আলবুকার্ক ফেরার কথা ছিল। তবে, রোগীর অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ না করায় তদন্তে জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছিল এনটিএসবি।
বিমান দুর্ঘটনার এ ধরণের ধারাবাহিকতা নিয়ে মার্কিন বিমান নিরাপত্তা কর্তৃপক্ষগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর