প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইদুল ইসলামের বিরুদ্ধে উপ-উপাচার্যকে নিয়ে কটূক্তি, যৌন হয়রানি, সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, বিভাগীয় সম্পত্তি দখল, অফিস কক্ষে দলীয় প্রভাব বিস্তার, এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপে আবেদনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সিন্ডিকেট সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম সরকার বলেন, “আমি এখনো কোনো অফিসিয়াল কাগজপত্র পাইনি। তবে আমাকে তদন্তে ডাকা হয়েছিল এবং আমি নিজের বক্তব্য দিয়েছি।”
সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। চলতি বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন বিরোধিতা করায় নিজ বিভাগের শিক্ষার্থীরা তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আলোচনায় আসেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ