প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৪৪ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ফরেনসিক ভিসেরা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ পুলিশ সিআইডি মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম এবং খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষ স্বাক্ষরিত রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
রিপোর্টে জানানো হয়েছে, সাজিদের শরীরে কোনো প্রকার বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। প্রতিবেদনে শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয় এবং পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে মৃত্যু ঘটে বলে ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। সাজিদ শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
ঘটনার পরদিন (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক ডেকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে। একইদিনে হল প্রশাসন শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. আব্দুল গফুর গাজীকে আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্তের ভিত্তিতে ফরেনসিক ভিসেরা রিপোর্টে তার মৃত্যু দুর্ঘটনা নয় বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমনটি জানানো হয়, খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষ স্বাক্ষরিত রিপোর্টে।
স্বদেশ প্রতিদিন/এমএম