প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে মারা গেছে ১৭ বছর বয়সী এক কিশোর, আতেফ আবু খাতের। খেলাধুলায় প্রতিভাবান এই কিশোর স্থানীয় পর্যায়ে ছিলেন ‘চ্যাম্পিয়ন’।
কিন্তু দিনের পর দিন অনাহারে ভুগে শেষ পর্যন্ত শনিবার (২ আগস্ট) গাজার আল শিফা হাসপাতালে তার মৃত্যু হয়।
আতেফের পরিবার জানায়, তার কোনো পূর্ববর্তী অসুস্থতা ছিল না। আগে ওজন ছিল ৭০ কেজি, যা কমে গিয়ে দাঁড়ায় মাত্র ২৫ কেজিতে। শেষ মুহূর্তে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি।
আল জাজিরার এক প্রতিবেদক জানান, আতেফ ছিল স্থানীয় ক্রীড়া জগতে পরিচিত নাম। কিন্তু খাবারের অভাবে তার দেহ ভেঙে পড়ে, দেখা দেয় মারাত্মক অপুষ্টি। তার মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক ব্যাগে রাখা কিশোরের কঙ্কালসার দেহ, আর তার আত্মীয়রা শোকে মুহ্যমান।
গত কয়েক মাসে গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মার্চ থেকে শুরু হওয়া সর্বাত্মক অবরোধে খাদ্য, পানি ও ওষুধের প্রবেশ একেবারে বন্ধ। ইসরাইলি সেনাদের গুলিতে প্রতিদিনই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে এ পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৩ জনই শিশু।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি
স্বদেশ প্রতিদিন/ আরএফ