প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি সম্প্রতি এক গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা এবং আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ করেন। যদিও ওই পোস্ট পরে মুছে ফেলা হয়েছে। এতদিন চুপ থাকা বিজয় সেতুপতি এবার নিজের বক্তব্য প্রকাশ করেছেন।
‘ডেকান ক্রনিকল’-এর সঙ্গে আলাপকালে বিজয় সেতুপতি অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খণ্ডন করেন।
তিনি বলেন, “যাঁরা আমাকে চেনেন, তাঁদের কাছে এসব অভিযোগ হাস্যকর মনে হবে। আমি জানি আমি কে। এই ধরনের কুরুচিকর অভিযোগে বিচলিত হই না। তবে আমার পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন, আমি তাদের আশ্বস্ত করেছি।”
বিজয় আরও জানান, তিনি ইতিমধ্যে সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “সাত বছর ধরে আমার সম্পর্কে নানা গুজব শুনছি, যা আমাকে কখনো প্রভাবিত করেনি এবং ভবিষ্যতেও করবে না।”
অভিযোগকারী রাম্যা মোহন দাবি করেন, দীর্ঘদিন ধরে বিজয় সেতুপতির হাতে মানসিক ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হতে হয়েছে তাকে। তিনি পোস্টে উল্লেখ করেছেন, বিজয় সেতুপতি “কারাভান ফেভারস” নামে ২ লাখ রুপি এবং “ড্রাইভ” নামক কাজের জন্য ৫০ হাজার রুপির অর্থের প্রস্তাব দিয়েছিলেন।
রাম্যা আরও অভিযোগ করেন, অনেকেই আসল সত্য বিশ্বাস না করে উল্টো তাঁকেই প্রশ্নের মুখে ফেলছে।
বিজয় সেতুপতি তারকা হিসেবে ‘জওয়ান’, ‘মেরি ক্রিসমাস’ ও ‘থালাইভন থালাইভি’সহ একাধিক সফল ছবিতে কাজ করেছেন এবং ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।