প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম

ভারতের আলোচিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক আরও বেড়েছে। এবার ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটির মুখপাত্র সতীশ কোচরেকার মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট থানায় এ অভিযোগ করেন। তাঁর দাবি, ছবিতে মূল কাহিনি বিকৃত করে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
সংগঠনটির অভিযোগ, ছবিতে রাবণকে দরিদ্রদের ত্রাতা ও নারীদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাম, সীতা ও লক্ষ্মণের চরিত্র উপস্থাপন এবং রামায়ণের কাহিনিতে কাল্পনিক ঘটনা যুক্ত করার বিষয়েও আপত্তি জানিয়েছে তারা। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ২৯৯ ও ১৯৬ ধারায় এফআইআর দায়ের, চিত্রনাট্য ও সংলাপ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
তবে বিতর্কের মধ্যেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৯ দিনে ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৯৫৫ কোটি ৪৫ লাখ রুপি। বিশ্বজুড়ে আয় ছাড়িয়েছে ১ হাজার ৭০০ কোটি রুপি। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি