প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:২২ পিএম

সংগৃহীত ছবি
গত বছরের মে মাসের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনরায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।
আজ শুক্রবার (০১ আগস্ট) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে এসব কর্মীদের নিয়োগ দিতে সম্মত হয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মীদের নির্মাণ (Construction) ও পর্যটন (Tourism) খাতে নিয়োগ দেওয়া হবে।
পর্যটন খাতে আগ্রহীদের চাহিদাপত্র (ডিমান্ড লেটার)–এর সঙ্গে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য FWCMS (Foreign Workers Centralized Management System) পোর্টালে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, নির্মাণ খাতের জন্য CLAB (Construction Labour Exchange Centre Berhad) এর মাধ্যমে তথ্য জমা দিতে হবে।
এ ছাড়া FWCMS-এ দাখিল করা সব তথ্যের মূল কপি ও একটি ফটোকপি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরও ১৬,৯৭০ জন কর্মী মালয়েশিয়া যেতে ব্যর্থ হন। কারও টিকিট জোগাড় হয়নি, আবার অনেকে মালয়েশিয়ার নিয়োগকর্তার সম্মতি না পাওয়ায় যেতে পারেননি।