
সংগৃহীত ছবি
আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করাও কঠিন। সকাল থেকে রাত, প্রতিদিনের প্রতিটি কাজে আমরা স্মার্টফোনের ওপর নির্ভরশীল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডিভাইসটির যত্ন নিচ্ছি কি যথাযথভাবে?
সাধারণ একটি অভ্যাস—রাতভর স্মার্টফোন চার্জে রেখে ঘুমানো। অনেকেই এটিকে স্বাভাবিক মনে করলেও, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন—এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে ফোনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
ব্যাটারির আয়ু কমে যাওয়ার ঝুঁকি
আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি শক্তিশালী হলেও অতিরিক্ত চার্জে থাকা অবস্থায় এর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যখন ফোন ১০০% চার্জ হয়ে যায়, তারপরও চার্জে লাগিয়ে রাখলে ‘ওভারচার্জিং’-এর ফলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। ধীরে ধীরে কমে যেতে থাকে ব্যাটারির ক্ষমতা ও আয়ু।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার পুরোপুরি চার্জ এবং অতিরিক্ত সময় চার্জে থাকার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে ওভারহিটিং সমস্যা দেখা দেয় এবং কিছু ক্ষেত্রে এটি ব্যাটারি বিস্ফোরণের কারণও হতে পারে।
কীভাবে রক্ষা করবেন ব্যাটারি?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ নিয়ম মেনে চললে স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখা সম্ভব। যেমন:
১. ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হলেই চার্জার খুলে ফেলুন
২. ব্যাটারি ২০ শতাংশের নিচে নামার আগেই ফোন চার্জে দিন
৩. সর্বদা মূল চার্জার বা অনুমোদিত চার্জার ব্যবহার করুন
৪. ‘অপ্টিমাইজড চার্জিং’ ফিচার থাকলেও নিজে থেকে চার্জার খুলে নেওয়াই ভালো
অনেক স্মার্টফোনেই এখন ‘অটো চার্জ স্টপ’ বা ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ সুবিধা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই ফিচারগুলোর ওপর পুরোপুরি নির্ভর না করে ব্যবহারকারীদের সচেতনতাই বেশি জরুরি।
প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, ব্যাটারির এখনও কিছু সীমাবদ্ধতা আছে। অযত্ন বা অসচেতন ব্যবহার শুধু ব্যাটারিই নয়, ডিভাইসের সামগ্রিক স্থায়িত্বও কমিয়ে দিতে পারে। তাই শুধু চার্জ দেওয়ার সময়ই নয়, পুরো ফোন ব্যবহারের প্রতিটি ধাপেই প্রয়োজন সচেতনতা ও যত্ন।