প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৪৫ AM আপডেট: ৩০.০৭.২০২৫ ৯:৫১ এএম

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার শরীর থেকে বাম হাতের একটি আঙুল কেটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ জুলাই) ফুলগাজীর গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।
মীর হোসেন মীরু উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার আতাউল হক লেদু মিয়ার ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিজ দোকানে বসে ছিলেন মীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তার ওপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের একটি আঙুল কেটে ফেলে এবং দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, ‘মীরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় শরীর থেকে বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে।’
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’
এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম