প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:১৪ AM

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কখনোই বলেনি যে নির্বাচন পেছাতে হবে বা তারা নির্বাচনে অংশ নেবে না—এমন বক্তব্য দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, “বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, সেখান থেকে দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে।”
গতকাল একটি অনলাইন টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এ অংশ নিয়ে এ মন্তব্য করেন এনসিপি নেতা।
নাসীরুদ্দীন বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি—এনসিপি কখনো নির্বাচন পেছানোর কথা বলেনি। বরং একটি দল বারবার আমাদের বিরুদ্ধে ভুল ব্যাখ্যা দিচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলগুলো এনসিপির বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছে। “আমরা আহ্বান জানাবো—আমাদের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার বন্ধ করুন। ভারত থেকে ছড়ানো মিসইনফরমেশন সামাল দিতেই আমাদের হিমশিম খেতে হচ্ছে, তার ওপর দেশের ভেতরেও এই অপপ্রচার চলছে,” বলেন তিনি।
এনসিপি রাজনীতিতে আসার প্রেক্ষাপট তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, “আমাদের মূলত রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু যখন দেখলাম, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিকল্প দরকার, তখনই আমরা দল গঠন করি। এটি আগেই আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন।”
তিনি জানান, এনসিপি বর্তমানে দেশব্যাপী পদযাত্রা করছে এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলছে। “মাঠ পর্যায়ে আমরা এখনো চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি দেখছি। প্রশাসন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বরং মানুষ মনে করছে, একটি বিশেষ দল সরকারে আসবে এবং সেই দলের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে,” বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আমরা এই বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরছি এবং জনগণের সঙ্গে সংলাপে বিশ্বাস করি। গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি দলকে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।”
স্বদেশ প্রতিদিন/এনআর