প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:১৭ AM আপডেট: ০৪.০৭.২০২৫ ১২:৪৪ PM

পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ধারণা, বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনার পর সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান।
স্বদেশ প্রতিদিন/এনআর