প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৩০ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ৪:১৬ PM

চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই আন্দোলনে নিহত শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রায় ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) সকাল ১০ টার দিকে এ কার্যক্রম সম্পন্ন হয়।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এছাড়া তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর শুভ এবং বোয়ালখালী থানা পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।
মরদেহ উত্তোলনের সময় নিহত ওমরের মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমরের মরদেহ উত্তোলনের আদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের স্বাক্ষরে একটি আদেশ জারি করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার মো. ওমর গত বছর জুলাই আন্দোলনের সময় নিহত হন। তার মৃত্যুর প্রায় ১০ মাস ২০ দিন পর এ মরদেহ উত্তোলন করা হলো।
স্বদেশ প্রতিদিন/এমএম