প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে জমি ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
রাত ১০টার দিকে মনা তাঁর বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তাঁর হাতাহাতি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেন।
পুলিশ জানায়, পরবর্তী সময়ে বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। এরপর তিনি ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছুরি হাতে বুলুর বসতঘরের সামনে যান। এ সময় মনা বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। অভিযোগ অনুযায়ী, আরমান ও ফুয়াদ তাঁর ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
মনা মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে রক্ষা করতে এগিয়ে যান মামুন। এ সময় হামলাকারীরা তাঁকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।