প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:১৭ AM

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে এবার ঘি ঢালল ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। সোমবার (২৩ জুন) এক্সিওস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি অ্যারাবিক।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে। এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা।
হামলার আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছিল, ইরান তার ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে—মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতির অংশ হিসেবে।
এএফপি ও রয়টার্স জানিয়েছে, সোমবার কাতারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় দেশটি তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
প্রসঙ্গত, কাতারের এই সামরিক ঘাঁটিই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত হয়। এই ঘাঁটি থেকেই ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় বহু সামরিক অভিযান পরিচালনা করে এসেছে যুক্তরাষ্ট্র।
স্বদেশ প্রতিদিন/এনআর