প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১৮ AM

রাডার ও যোগাযোগব্যবস্থায় বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার চার ঘণ্টার বেশি সময় পর তা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে এ বিভ্রাট দেখা দেয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হয়।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, রাউটারে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসছিল। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার কার্যক্রম পুনরায় সচল হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন লাগতে পারে।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। মাইক্রোসফটের সাম্প্রতিক সেবা বিভ্রাটের সঙ্গেও এর সম্পর্ক নেই। এ ঘটনায় হাজার হাজার ফ্লাইট বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন পরিবহনমন্ত্রী ডাফি।
স্বদেশ প্রতিদিন/এস পি