প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:৩৮ AM

বিশ্বনন্দিত নোবেলজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পরিবেশ, মানবতা ও সম্প্রীতির উন্নয়নে বিশেষ অবদানের জন্য কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন), লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস।
পুরস্কার প্রদানকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি অসাধারণ পুরস্কার। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাজা যেভাবে আমাদের পাশে আছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা আমরা প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য করেছি। এটি তরুণদের অনুপ্রাণিত করবে তাদের স্বপ্নের দেশ গড়তে।’
পুরস্কার প্রদানের আগে রাজা চার্লস অধ্যাপক ইউনূসকে বাকিংহাম প্যালেসে একান্ত বৈঠকে আমন্ত্রণ জানান। প্রায় ৩০ মিনিটের ওই আলোচনায় তাঁরা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে কথা বলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম