প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৪ AM

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার সফরকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ২(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে আনোয়ার ইব্রাহিমকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এদিকে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব নিয়ে চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বদেশ প্রতিদিন/এস পি