প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:২৫ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৪:২০ PM

সংগৃহীত ছবি
পাকিস্তানের করাচিতে একাধিক ভূমিকম্পের মধ্যে আতঙ্কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার সুযোগকে কাজে লাগিয়ে মালির কারাগার থেকে অন্তত ২১৬ জন কারাবন্দি পালিয়ে গেছে।
আজ মঙ্গলবার (৩জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ, জানায় খবর সামা টিভির।
জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ জানান, সোমবার রাতে ভূমিকম্পের সময় নিরাপত্তাজনিত সতর্কতার কারণে ৪ ও ৫ নম্বর সার্কেলের বন্দিদের ব্যারাক থেকে বের করে আনা হচ্ছিল। এ সময় কারাগারের দেয়াল ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন বাইরে থাকা প্রায় ৬০০ বন্দির মধ্যে ২১৬ জন পালিয়ে যায়।
তিনি আরো জানান, এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি পলাতক বন্দিকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে। এখনও ১৩৫ জনের বেশি পলাতক রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ছয়বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দরশহর সিন্ধ। তবে প্রাথমিকভাবে কারাগারের দেয়াল ধসে পড়ার কারণেই পালানোর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও পরে নিশ্চিত হওয়া গেছে, মূলত মূল ফটক দিয়েই পালিয়েছিল বন্দিরা।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার জানিয়েছেন, পলাতক সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনার পেছনে কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকতে পারে। এজন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সিন্ধুর ইন্সপেক্টর জেনারেল গোলাম নবী মেমন কারাগার পরিদর্শন শেষে জানান, মালির কারাগারে অধিকাংশ বন্দি মাদক সংশ্লিষ্ট মামলায় আটক, যাদের অনেকেই মানসিক রোগে আক্রান্ত।
স্বদেশ প্রতিদিন/আইএমএস